শাহজালাল বিমানবন্দরে পরিচালককে হুমকির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় লাঞ্ছিত ও হুমকির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাতে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় এই মামলাটি করেন।
ঘটনার সূত্রপাত ও নির্বাহী পরিচালককে হুমকি
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩৩৮) থেকে যাত্রীরা নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির তীব্র সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে বিলম্ব হলে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সে সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
নির্বাহী পরিচালক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে যান এবং প্রকাশ্যে ‘আমি কিন্তু পিটাবো ধইরা’ ও ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে হুমকি দেন। এছাড়া তিনি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও অত্যন্ত অশালীন মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাকে মারধর ও ভিডিও ধারণ
মামলার বিবরণে আরও জানানো হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত কেপিআই এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করলে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পাশাপাশি যাত্রীদের পবিত্র জমজমের পানির বোতলের ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, অভিযুক্ত আখতারুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের সহযোগী সদস্য পদে যোগ দিয়েছিলেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।