শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের শর্ত

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যান্য পলাতক অপরাধী এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন।
ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দিল্লিতে যেভাবে সংবাদ সম্মেলন করেছেন, তাতে এই কূটনৈতিক সফরের পরিবেশ বিনষ্ট হয়েছে বলে মনে করে ঢাকা।
এ কে এম শহীদুল করিম বলেন, “আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধী এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছি। আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।”
'বাংলাদেশ ফার্স্ট' নীতি অব্যাহত রাখার প্রত্যয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উল্লেখ করেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশ ভারতসহ সব বন্ধুপ্রতীম দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে অবিচল থাকবে।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী আগস্টের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দিনের দিল্লি সফরের সূচি চূড়ান্তকরণ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।