শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর দুই দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, শ্রীনগর (মুন্সিগঞ্জ):
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং অপর একটি বাসের এক যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় ঢাকামুখী লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. আসলাম হোসেন (৪০), যিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় আহত বাসযাত্রী মো. নজরুল ইসলামের (৪৭) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।
যেভাবে ঘটে দুর্ঘটনা দুটি
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, ষোলঘর ভূইচিত্র এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন মারা যান।
এর রেশ কাটতে না কাটতেই প্রথম দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ পর একই দিক থেকে আসা ‘লিটন ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে গিয়ে গতি কমিয়ে ব্রেক করে। ঠিক সে সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ‘আবদুল্লাহ পরিবহন’-এর আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লিটন ট্রাভেলসের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী নজরুল ইসলাম আহত হন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতা
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহত বাসযাত্রীকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পর মঙ্গলবার সকালে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।